কবে কখন আমি জন্মেছিলাম
সঠিক জানা নাই ,
শুনেছি ডিমের হালি বিক্রি হতো
দুইশো চল্লিশ পাই !
মুষলধারে বৃষ্টি ছিলো
প্রকৃতিটা ধুতে ,
মা বলেছেন এমন দিনে
জন্মছিলো পুতে ।
যুদ্ধ ঘেসে এসেছিলাম
ইহ ধরাধাম ,
অনেক বড়ো আশা নিয়ে
মা রেখেছিলেন নাম !
দিন-তারিখের সঠিক অংক
কারোরই নাই জানা ,
প্রথম সন্তান পুত্র হলে
তাতেই তো আটখানা !
রেজিস্ট্রেশনে করতে স্যারে
জন্ম তারিখ চান,
না পেয়ে তাই নিজেই তখন
পহেলা জুলাই লিখে যান!
সে মোতাবেক বেলুন ফুলাই
কাটাও হয় কেক,
কে জানে ভাই সত্যি কিনা
নাকি এটাও ফেক !
ধরিত্রীর কাছে রইলো জমা
লক্ষ কোটি ঋন,
সবার তরে চাই গো দোয়া
আজ আমার জন্মদিন।।